চীনা চিপ নির্মাতাকে কালো তালিকায় নিচ্ছে ট্রাম্প প্রশাসন

৫ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৪৩  
এবার চীনা চিপ নির্মাতা প্রতিষ্ঠান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশনকে (এসএমআইসি) কালো তালিকাভুক্ত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এসএমআইসি যখন তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের (টিএসএমসি) সঙ্গে প্রতিযোগিতায় যেতে প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই এমন কঠোর অবস্থান নিতে যাচ্ছে হোয়াইট হাউজ। চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া আরও জোরদার হচ্ছে জানিয়ে এ তথ্য দিয়েছেন দেশটির প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স-কে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় যুক্ত হতে পারে চীনা চিপ নির্মাতা কোম্পানি এসএমআইসি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর অন্যান্য সংস্থার সঙ্গে মিলে চীনের এসএমআইসিকে নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা করছেন বলে জানিয়েছেন পেন্টাগনের এক মুখপাত্র। এ নিষেধাজ্ঞা জারি হলে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান বা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহারকারী কোনো প্রতিষ্ঠান যদি এসএমআইসিকে প্রযুক্তি সরবরাহ করতে চায়, তবে লাইসেন্স নিতে হবে। ইতোমধ্যে চীনভিত্তিক ২৭৫টি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে হুয়াওয়ে টেকনোলজিস ও জেডটিই, হিকভিশনের মতো কোম্পানিও।